কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হলেও আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পর্যটকদের একটি দল হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সাগরে গোসল করতে নামেন। এ সময় ঢেউ ও স্রোতের টানে তাঁরা ভেসে যান। পরে স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ইউএনও আরও জানান, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুজন। তাঁদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।


















