সোমবার , ২৬ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশি দম্পতির মৃত্যুদণ্ড কার্যকরের ভিডিও ভাইরাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক যুবকের বিরুদ্ধে। সাহাবুদ্দিন শেখ নামের ওই যুবক বর্তমানে সৌদি আরবের কারাগারে বন্দি রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ সূত্রে জানা গেছে, সাহাবুদ্দিন মুর্শিদাবাদের বলরামপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন পরিযায়ী শ্রমিক এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাজ করছিলেন। মক্কায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার সময় তার উপস্থিতিতে ওই বাংলাদেশি যুগল পরস্পরকে চুম্বন করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সে সময় পাকিস্তানের এক যুবক সাহাবুদ্দিনের মোবাইল ফোন ব্যবহার করে ওই দৃশ্যের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পরবর্তী সময়ে সাহাবুদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।

মুর্শিদাবাদে সাহাবুদ্দিনের পরিবারের দাবি, নিছক মজা করার উদ্দেশ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। এর পরিণতি এত গুরুতর হতে পারে, তা সাহাবুদ্দিন বা তার সঙ্গীরা বুঝতে পারেননি বলে দাবি পরিবারের।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সাল থেকে টানা তিন বছর ধরে সৌদি আরবের কারাগারে রয়েছেন সাহাবুদ্দিন। তার মা কোহিনুর বিবি ছেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

কোহিনুর বিবি বলেন, ‘ও বড় কোনও অপরাধ তো করেনি। একটা ভিডিও ছেড়েছে বলে এভাবে জেল খাটতে হচ্ছে!’

তিনি জানান, গত আট বছর ধরে সৌদি আরবে কাজ করছিলেন তার ছেলে। সাহাবুদ্দিনই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বিদেশ থেকে তার পাঠানো অর্থেই সংসার চলত। কিন্তু ছেলে কারাগারে বন্দি থাকায় পরিবারটি এখন আর্থিক সংকটে পড়েছে।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ছেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে বলে জানান কোহিনুর বিবি। তিনি বলেন, ছেলের কী হবে, তা তিনি জানেন না এবং এ নিয়ে ভয়ে রয়েছেন।

সাহাবুদ্দিনকে সৌদি আরবের কারাগার থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। তবে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি বলে দাবি পরিবারের।

উল্লেখ্য, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আখতার। সৌদি সংবাদমাধ্যমে প্রকাশিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের বিরুদ্ধে মক্কার একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে লিপ্ত হয়ে মসজিদের পবিত্রতা লঙ্ঘন করার’ অভিযোগ আনা হয়েছিল।

এদিকে, দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ, মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি, তাদের মরদেহের বর্তমান অবস্থান এবং বিচারপ্রক্রিয়ায় তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি সরকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত