সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন। এখন দেশের উন্নয়ন ও গঠনেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার রংপুরের পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নেবেন—এটাই হওয়া উচিত সবার প্রত্যাশা। বাংলাদেশের সব নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর দেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১২ তারিখের নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। সমাজের প্রতিটি শ্রেণির মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য গুরুজনদের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, সমাজের প্রতিটি শ্রেণির খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের মানুষের কল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সব শ্রেণির মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শারদীয় দুর্গাপূজার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি একটি উৎসবের সময়। এ উৎসবকে সামনে রেখে তিনি সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় সব ধর্মের মানুষ একসঙ্গে দেশকে স্বাধীন করেছেন। একইভাবে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণেও সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই এ দেশের নাগরিক এবং দেশের উন্নয়নে সবারই ভূমিকা রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব সবার। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত পরিশ্রমের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সব ধর্মের মানুষের অংশগ্রহণে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তারেক রহমান বলেন, সবাই মিলে পরিশ্রম করে দেশকে এগিয়ে নিতে হবে। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার।


















