দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে প্রদেশটির একটি মহাসড়কে একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষের পর হতাহতের এই ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র ওয়ারেন্ট অফিসার ক্রিস্টোফার স্পাইস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুটি টয়োটা মিনিবাস ট্যাক্সি ও একটি সুজুকি স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়। গুরুতর আহত কয়েকজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ায় ২১ জনে।
এ ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। কীভাবে একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: রয়টার্স


















