প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। প্রতিষ্ঠানটির বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
আলোচনায় বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন বিনিয়োগের সম্ভাবনাও গুরুত্ব পায়। পুরোনো গ্যাসক্ষেত্রের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন উৎস অনুসন্ধানে শেভরনের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















