সরকারের বিরুদ্ধে গত ১৮০ দিনে বড় ধরনের ৪৬৪টি অপতথ্য প্রচার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এর মধ্যে ১৫৭টি অপতথ্য সরাসরি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে প্রচার করা হয়েছে বলেও জানান তিনি।
রবিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের অপতথ্য প্রচার করা হয়েছে। এসব অপতথ্যের তালিকায় তার নিজের অবস্থানও ওপরের দিকে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে অত্যন্ত উদার এবং ভবিষ্যতেও এই অবস্থান অব্যাহত থাকবে। একটি গণতান্ত্রিক সরকারের জন্য মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা স্বাভাবিক বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, মতপ্রকাশ বন্ধ করে কোনো গণতান্ত্রিক সরকার দীর্ঘমেয়াদে লাভবান হতে পারে না। বিশেষ করে যে সরকার ভবিষ্যতেও গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায়, তার জন্য মানুষের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়েও বক্তব্য দেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশে আর কোনো গণঅভ্যুত্থান বা প্রাণহানির পরিস্থিতি কেউ দেখতে চায় না। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত শহীদদের আত্মত্যাগকে সম্মান করা হলেও ভবিষ্যতে আর কোনো সাইদ, মুগ্ধ বা ওয়াসিমের মতো প্রাণহানি যেন না ঘটে—এটাই সবার প্রত্যাশা। বাংলাদেশ ভবিষ্যতে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকবে, যেখানে জনগণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


















