নেপালে আকস্মিক বন্যা ও হড়কাবানের ঘটনায় এখন পর্যন্ত ১৮৪ বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৪২০ বিদেশি পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড।
শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিট) প্রকাশিত সর্বশেষ তথ্যে এসব জানানো হয়। উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জন ভারতীয় নাগরিক।
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের পাশাপাশি বেলজিয়ামের একজন এবং স্পেনের দুই নাগরিকের সঙ্গেও যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে।
দেশটির বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার পর বিপুলসংখ্যক পর্যটক ও স্থানীয় বাসিন্দা আটকা পড়েছেন। দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় নিখোঁজদের সন্ধান ও আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকারী দলগুলোকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
কোন দেশের কতজন উদ্ধার
পর্যটন বোর্ডের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া ১৮৪ বিদেশি নাগরিকের মধ্যে—
- ভারত: ১১৪ জন
- চীন: ২৭ জন
- দক্ষিণ কোরিয়া: ২০ জন
- জার্মানি: ৪ জন
- মাল্টা: ৪ জন
- যুক্তরাষ্ট্র: ৩ জন
- ইতালি: ৩ জন
- রাশিয়া: ২ জন
- সুইজারল্যান্ড: ২ জন
- তুরস্ক: ২ জন
- বুলগেরিয়া: ১ জন
- ওমান: ১ জন
- পর্তুগাল: ১ জন
উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যাই সবচেয়ে বেশি। এরপর চীন ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের উল্লেখযোগ্য সংখ্যায় উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ পর্যটকদের সন্ধানে অভিযান
নিখোঁজ বিদেশি পর্যটকদের অবস্থান শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে নেপাল ট্যুরিজম বোর্ড। পাশাপাশি বিভিন্ন দেশের দূতাবাস ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।
দুর্গম পর্যটন এলাকাগুলোতে যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পর্যটকের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ফলে নিখোঁজের সংখ্যা পরবর্তী সময়ে পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে উদ্ধার হওয়া পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কাজও চলছে। বর্তমানে নিখোঁজ ৪২০ বিদেশি পর্যটকের সন্ধান এবং দুর্গম এলাকায় আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করাই কর্তৃপক্ষের প্রধান অগ্রাধিকার।
সূত্র: বিবিসি


















