পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিমস) মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে হাসপাতালের গাইনি ওয়ার্ডের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি গাড়ি এবং চারটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
ইসলামাবাদ প্রশাসনের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের দ্রুত সরিয়ে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। তবে পরে চিকিৎসাধীন অবস্থায় ১৪ নবজাতকের মৃত্যু হয়।
পিমসের মুখপাত্র ডক্টর আনিজা জলিল জানান, অগ্নিকাণ্ডের সময় গাইনি ওয়ার্ডে মোট ১৫ জন শিশু চিকিৎসাধীন ছিল। সকাল ৭টার দিকে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের কারণ এবং উদ্ধার কার্যক্রম নিয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। ভয়াবহ এ ঘটনায় হাসপাতালটিতে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সূত্র: ডন


















