ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ৪৯০টি ক্যামেরা ও অটো ফাইন সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সোনারগাঁয়ের মেঘনাঘাটস্থ হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এই প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত গতি, উল্টো পথে গাড়ি চালানো, অবৈধ ওভারটেকিং কিংবা ট্রাফিক সংকেত অমান্য করার মতো অপরাধগুলো স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করা হবে।
মন্ত্রী জানান, আইন লঙ্ঘনের সঙ্গে সঙ্গেই জরিমানার তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিআরটিএর সার্ভারে যুক্ত হবে এবং নিবন্ধিত মোবাইল নম্বরে বার্তার মাধ্যমে গাড়ির মালিককে জানিয়ে দেওয়া হবে। চালক বা মালিকরা পরবর্তীতে নিজ নিজ মোবাইল ফোনের মাধ্যমেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন। জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে পুলিশ বিভাগ নিয়মিত প্রচার অভিযান চালাবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এই প্রযুক্তিভিত্তিক উদ্যোগটি মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে যুগান্তকারী ভূমিকা রাখবে।


















