দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে আগামী সপ্তাহে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী ৮ বা ৯ মার্চ থেকে দেশে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ১১ ও ১২ মার্চের দিকে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগে মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এই সময় বজ্রপাতের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিরও প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এই ধরনের প্রাক-বর্ষা বৃষ্টি সাধারণত স্বল্পস্থায়ী হয়—যা আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। সাধারণত দিনের শুরুতে অথবা সন্ধ্যার কিছুটা আগে এই ঝড়-বৃষ্টির প্রবণতা বেশি থাকে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এমনকি আসন্ন ঈদুল ফিতরের সময়কালেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া অফিসের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, মার্চ মাসজুড়েই দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের আরও দু-তিনটি কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


















