ইরানে চলমান বিক্ষোভ দ্রুত সহিংস রূপ নিতে পারে আশঙ্কায় যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের ‘এই মুহূর্তে’ দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এ নির্দেশনা জারি করে জানায়, ইরানজুড়ে বিক্ষোভ বাড়ছে, যার ফলে গ্রেপ্তার, আহত, রাস্তাবন্ধ, গণপরিবহণ বন্ধ ও ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি রয়েছে।
নির্দেশনায় বলা হয়, চলমান সংকটের কারণে বহু এয়ারলাইন আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। এ অবস্থায় নাগরিকদের স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইন্টারনেট বন্ধ থাকতে পারে ধরে নিয়ে বিকল্প যোগাযোগ ব্যবস্থার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র আরও জানায়, সরকারি সহায়তার ওপর নির্ভর করার কোনো পরিকল্পনা না রাখতে হবে। যারা ইরান ছাড়তে পারবেন না, তাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং খাবার, পানি, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী মজুদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিক্ষোভপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।



















