যশোর শহরের শংকরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আলমগীর হোসেন (৫৩) নিহত হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শংকরপুর ইসহাক সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে। তিনি পেশায় জমি কেনা-বেচার ব্যবসায়ী ছিলেন এবং এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত।
নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, সন্ধ্যার পর মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হুদা মেমোরিয়াল একাডেমির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, আলমগীর হোসেনের মাথার দুপাশে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, আলমগীর হোসেন ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এবং নগর বিএনপির সাবেক সদস্য ছিলেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশনস) মমিনুল হক জানান, শংকরপুর ইসহাক সড়কে গুলির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।



















