বাংলাদেশে ‘নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে উদ্বেগ জানাতে ঢাকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার দুপুরের দিকে তাকে নয়াদিল্লিতে তলব করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ জানাতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় ‘কিছু গোষ্ঠীর’ কর্মকাণ্ডের দিকে বিশেষভাবে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
বিবৃতিতে দাবি করা হয়, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন কর্মকাণ্ডের পরিকল্পনা করছে কিছু লোক। পাশাপাশি সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে ঘিরে একটি মহল যে ‘অতিরঞ্জিত বয়ান’ তৈরির চেষ্টা করছে, তা ভারত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে বলেও উল্লেখ করা হয়।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ, যার ভিত্তি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার যৌথ সংগ্রাম। ভারত বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান করছে।
এর আগে রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ সরকার। ওই বৈঠকে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারতের ভূমিকা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিও উত্থাপন করে ঢাকা।



















