আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন তা পরে জানানো হবে।
গণঅধিকার পরিষদের রাশেদ খান বলেন, “আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল আসিফ মাহমুদ। ফ্যাসিস্ট শাসনামলে কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের সব সংগ্রামে তার ভূমিকা ছিল। অনেক নির্যাতনের শিকারও হতে হয়েছে তাকে।” রাশেদ আরও জানান, দলে তাকে সম্মানজনক পদ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনায় আছেন এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজনীতিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইতোমধ্যেই গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে তিনি প্রথমে শ্রম উপদেষ্টা এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ইতোমধ্যেই তিনি ওই আসনের ভোটার হয়েছেন।


















