ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক সন্দেহে আব্দুল হান্নান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে র্যাব আব্দুল হান্নানকে পল্টন থানায় সোপর্দ করে। এর আগে তাকে মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়।
ওসি বলেন, “আব্দুল হান্নানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
পুলিশ সূত্রে জানা যায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। আটক আব্দুল হান্নানের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকায়।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুসফুসে ইনজুরি রয়েছে। তবে কিডনির কার্যক্ষমতা বর্তমানে কিছুটা ফিরে এসেছে।
এদিকে, এই ঘটনায় প্রাথমিকভাবে শনাক্ত ফয়সাল করিম মাসুদ নামের এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার সম্পর্কে তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত মাসুদকে ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার প্রদান করবে।



















