রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের ৪০ ফুট গর্তে পড়ে নিখোঁজ হয়ে গেছে দুই বছরের শিশু সাজিদ। কয়েক দফা ক্যামেরা নামানো হলেও তাকে দেখা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার দুপুর ১টার দিকে শিশুটি গর্তে পড়ে যায়। বিকেলে ৩০ ফুট পর্যন্ত ক্যামেরা নামানো হলেও ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে শনাক্ত করা যায়নি। রাত ১১টার দিকে পুনরায় ক্যামেরা নামানো হলেও কোনো চিহ্ন মেলেনি।
ফায়ার সার্ভিসের তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট উদ্ধারকাজে যুক্ত রয়েছে। গর্তের পাশেই দুটি স্কেভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছে। ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করায় আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। সহযোগিতায় যোগ দিয়েছে সেনাবাহিনীও।
ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, “উদ্ধার অভিযান চলছে। ক্যামেরায় গভীরে পাঠিয়েও শিশুটিকে দেখা যায়নি। আমরা চাই ভিকটিমকে অক্ষতভাবে উদ্ধার করতে, তবে বেঁচে আছে কি-না তাও সন্দেহ।”
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। তিনি শিশুটির নিরাপদ ফেরার জন্য সবার কাছে দোয়া চান।



















