বুধবার , ৪ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ থেকে টানা চার দিন গ্যাসের চাপ কম থাকবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ

Spread the love

সারা দেশে আজ থেকে টানা চার দিন গ্যাসের চাপ কম থাকতে পারে। সামিট এলএনজির ভাসমান টার্মিনালে রক্ষণাবেক্ষণকাজের কারণে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমবে। তবে এ সময় কোথাও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে না বলে জানিয়েছে পেট্রোবাংলা।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ রয়েছে প্রায় ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় ১ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে দৈনিক সরবরাহের মধ্যে প্রায় ৯২০ মিলিয়ন ঘনফুট আসছে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে।

মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি ও দেশীয় প্রতিষ্ঠান সামিট এলএনজির ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানি করা এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। গত বছরের ডিসেম্বরে রক্ষণাবেক্ষণকাজের জন্য সামিটের টার্মিনাল বন্ধ রাখা হলেও এবার নভেম্বরের শুরুতেই একই কারণে রক্ষণাবেক্ষণকাজ শুরু হচ্ছে।

শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি আরও দুই দিন সময় লাগবে এ কাজে। ফলে এ সময়ে এলএনজি সরবরাহ দৈনিক প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমে যাবে।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) মো. শোয়েব বলেন, জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ থাকবে। তবে সরবরাহ কমে যাওয়ায় কিছু কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।

এর আগে গত ১ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিন গ্যাসের চাপ কম থাকার বিষয়ে গ্রাহকদের জানিয়েছিল পেট্রোবাংলা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আজ থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন গুজব ছড়িয়ে পড়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পেট্রোবাংলা জানিয়েছে, রক্ষণাবেক্ষণকাজ চলাকালে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই।

মো. শোয়েব বলেন, গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কথা নয়। এ বিষয়ে গ্রাহকদের আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

তবে নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণকাজ শেষ হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি পেট্রোবাংলার এই কর্মকর্তা। তাঁর ভাষ্য, গ্যাস লাইনে সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কাজ শেষ হওয়ার নির্দিষ্ট সময় বলা কঠিন।

পেট্রোবাংলা জানিয়েছে, দেশে গ্যাসের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার।

সর্বশেষ - অপরাধ