শনিবার , ১০ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে কুয়েটের প্রকল্প, সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ

Spread the love

মানববর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের এ প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

প্রকল্পের গবেষকেরা এ সময় তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রকল্পটির সম্ভাবনা বিবেচনায় নিয়ে বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

বর্জ্য থেকে তেল উৎপাদনে কুয়েটের গবেষণা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান প্রকল্পটির গবেষণার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রায় ১০ বছর ধরে পরিচালিত এ গবেষণায় ‘হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন’ (এইচটিএল) প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন গবেষকেরা।

গবেষণাগারের পরীক্ষায় ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের ফল পাওয়া গেছে। পাশাপাশি ডিজেলসমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে জানান গবেষকেরা।

প্রধানমন্ত্রী উদ্ভাবিত প্রযুক্তি ও প্রকল্পের কার্যক্রম সরেজমিনে দেখেন। একই সঙ্গে প্রকল্পটির বাস্তবায়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কেও অবহিত হন।

পাইলট প্ল্যান্ট স্থাপনে প্রয়োজন ১২০ কোটি টাকা

গবেষকেরা জানান, পরবর্তী ধাপে প্রতিদিন ১ থেকে ৩ টন বর্জ্য প্রক্রিয়াকরণে সক্ষম একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রযুক্তিটির কার্যকারিতা, উৎপাদন ব্যয় এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে।

প্রস্তাবিত পাইলট প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ১০০ থেকে ১২০ কোটি টাকা প্রয়োজন হবে। এ পর্যায়ে প্রযুক্তিটির বাস্তব প্রয়োগ, উৎপাদন সক্ষমতা ও অর্থনৈতিক কার্যকারিতা যাচাই করা হবে।

গবেষকদের ধারণা, প্রযুক্তিটি বৃহৎ পরিসরে বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা সম্ভব হলে ভবিষ্যতে আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ প্রতিস্থাপনের সম্ভাবনা রয়েছে। এতে বছরে আনুমানিক ৬ হাজার ৫০০ কোটি থেকে ১৩ হাজার কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে।

তবে এ সম্ভাবনা বাস্তবায়নের আগে বৃহৎ পরিসরে প্রযুক্তিটির কার্যকারিতা ও অর্থনৈতিক সক্ষমতা যাচাই করা প্রয়োজন।

জ্বালানি আমদানিনির্ভরতা কমানোর সম্ভাবনা

প্রকল্পসংশ্লিষ্ট গবেষকদের প্রত্যাশা, সরকারি সহায়তায় প্রযুক্তিটি সফলভাবে বাণিজ্যিক পর্যায়ে নেওয়া সম্ভব হলে দেশের জ্বালানি তেলের সংকট মোকাবিলা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে জ্বালানি আমদানিনির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, পরিবেশদূষণ হ্রাস এবং দেশীয় জ্বালানি শিল্পের বিকাশেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

উপস্থিত ছিলেন যারা

প্রদর্শনী পরিদর্শনের সময় বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐক্য ও সাম্য প্রতিষ্ঠায় আশুরার শিক্ষা অনুসরণের আহ্বান প্রধান উপদেষ্টার

বছরের প্রথমেই ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ সারাদেশে

ঈদ ছুটিতেও শুল্ক স্টেশন খোলা, সচল থাকবে কাস্টম হাউস

এইচএসসি ফল প্রকাশ: পাসের হার কমে ৫৮.৮৩ শতাংশ

শহীদ পরিবার-আহতদের রাজনীতির বাইরে থাকার পরামর্শ : সারজিস আলম

২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: আওয়ামী লীগের ফেরার প্রশ্নে মঈন খান

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন