বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্পষ্ট জানিয়েছেন যে, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এবং উদারনৈতিক রাজনৈতিক দল হিসেবে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কার্যালয় খোলা এবং দলটির নেতাদের দেশে ফেরার বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী। যারা গণহত্যায় জড়িত বা অপরাধ করেছে, তাদের বিচার আইনের মাধ্যমেই হবে। বিএনপি কোনোভাবেই একদলীয় বাকশালি শাসনে বিশ্বাস করে না।
নরসিংদী জেলার ৫ জন নবনির্বাচিত সংসদ সদস্যকে নিয়ে এদিন মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ড. মঈন খান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং নরসিংদী-৫ আসনের আশরাফ উদ্দিন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। মঈন খান উল্লেখ করেন যে, নরসিংদীর মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে তাঁদের প্রতিনিধিদের নির্বাচিত করে পাঠিয়েছেন, তার প্রতি সম্মান জানাতেই এই শ্রদ্ধা নিবেদন।
বক্তব্যে ড. মঈন খান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশে যে গণতন্ত্র ফিরে এসেছে, তা রক্ষা করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। নরসিংদীকে ব্রিটিশবিরোধী আন্দোলনের সূতিকাগার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজ নরসিংদীবাসী গণতন্ত্রকামী শক্তির পক্ষ নিয়েছে।



















