শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তেল-গ্যাসের সংকট নেই, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ

Spread the love

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সময় দেশে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছিল এবং সরকার উচ্চমূল্যে তেল কিনে পরিস্থিতি সামাল দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এখন দেশে তেল-গ্যাসের সংকট নেই, তাহলে আন্দোলনের বিষয় কী?

শনিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে তেলের সংকট তৈরি হয়েছিল। জনগণের চাহিদা মেটাতে সরকার উচ্চমূল্যে তেল কিনেছে। একই সময়ে এলএনজি নামানো ও বিপণনের একটি স্থানে আগুন লাগার কারণেও গ্যাস সরবরাহে সমস্যা হয়েছিল। এসব পরিস্থিতিতে মানুষ আন্দোলন করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন তেল-গ্যাসের সংকট নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের পতনের পরও বিভিন্ন ধরনের হুমকি ও বক্তব্য দেওয়া হচ্ছে। এসব হুমকি দিয়ে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি সরকার গঠন করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন উল্লেখ করে টুকু বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে হুমকি-ধমকি দিয়ে কোনো ফল হবে না।

জামায়াতে ইসলামীর আমিরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সিরাজগঞ্জে একটি আঙুল দেখানোর মাধ্যমে দেওয়া বার্তায় কোনো লাভ হবে না।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে টুকু বলেন, শেখ হাসিনা ‘টুক করে ঢুকে পড়বেন’—এমন বক্তব্য শোনা যাচ্ছে। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করা হয়নি। তবে কেউ চ্যালেঞ্জ দিয়ে চললে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ শহরে সাম্প্রতিক একটি মারামারির ঘটনাও সমাবেশে তুলে ধরেন তিনি। শহরে শান্তি বজায় রাখার কথা উল্লেখ করে টুকু বলেন, ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান পালনে সহযোগিতা করা উচিত। অন্যের ধর্ম নিয়ে কটূক্তি বা কটাক্ষ না করার শিক্ষা ইসলামে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে টুকু বলেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে যে সমস্যা ছিল, তা এখন নেই। জনগণ ধৈর্য ধরে সরকারের সঙ্গে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের সঙ্গে নিয়েই দেশ পরিচালনা করতে চান।

তারেক রহমানের বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন টুকু।

সমাবেশে জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও বক্তব্য দেন তিনি। এ সময় তিনি দলটির অতীত রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান আলিম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সর্বশেষ - অপরাধ