রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ভোর থেকেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এর আগে বয়ে যায় ঝড়ো বাতাস। বৃষ্টি শুরুর পর বাতাসের তীব্রতা কিছুটা কমে গেলেও থেমে থেমে বজ্রপাত হতে দেখা যায়।
দীর্ঘ সময়ের ভ্যাপসা গরমের পর ঝুম বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে নগরজীবনে। তবে দিনের শুরুতেই ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকসহ কর্মস্থল এবং জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ।
ভোরের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমে যাওয়ায় যান চলাচলে দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। অনেক এলাকায় সড়কে পানি জমে থাকায় দিনের ব্যস্ত সময়ে চলাচলে সমস্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন নগরবাসী।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।
তবে পূর্ববর্তী ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।


















