প্রশাসনে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত কাজে গঠিত ‘জনপ্রশাসনবিষয়ক কমিটি’ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
গত ৮ জানুয়ারি এই কমিটি গঠন করা হয়, যার দায়িত্ব ছিল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব এবং তার উপরের পদে নিয়োগ ও বদলি সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়া।
কমিটির সভাপতি ছিলেন অর্থ ও বিজ্ঞান-প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আর সদস্য সচিব ছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এছাড়া সদস্য ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
নতুন প্রজ্ঞাপনে কমিটিটি বাতিলের কোনো কারণ উল্লেখ করা হয়নি।



















