সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিচালন ব্যয়সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, ভাড়া বাড়ানো সরকারের কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন খাতের ব্যয়ও বেড়েছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখেই সর্বনিম্ন হারে ভাড়া বাড়ানোর চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য কিংবা জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে কোনো ধরনের স্বেচ্ছাচারিতার সুযোগ দেওয়া হবে না।
মালিকদের দাবি ছিল আরও বেশি
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন নৌযান মালিকরা। এ বিষয়ে তারা নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে চিঠিও দেন।
চিঠিতে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত যাত্রীর ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ২ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। মালিকদের দাবি অনুযায়ী, এতে দূরত্বভেদে ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়ত।
তবে সরকারের সিদ্ধান্তে মালিকদের প্রস্তাবের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হারে ভাড়া বাড়ানো হয়েছে।
বাসের ভাড়াও বেড়েছে
এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সড়কপথের বাসের ভাড়াও বাড়ানো হয়। দূরপাল্লার পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে সড়ক ও নৌ—দুই ধরনের গণপরিবহনের ভাড়া বাড়ানোর ফলে যাত্রীদের পরিবহন ব্যয় আরও বাড়তে যাচ্ছে।


















