মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ

Spread the love

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১১-এর বিচারক মো. নুরুল ইসলামের আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল। শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করে দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী ফারুক দেওয়ান নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয় এবং ওইদিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতও তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। এ আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর পর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা করেন। পরে ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি।

সিআইডি ১৯৯৭ সালের ৩ নভেম্বর দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে। তবে বাদীপক্ষ ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে আদালতে রিভিশন মামলা করেন।

পরবর্তীতে গত ২০ অক্টোবর বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা করেন।

মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, আশরাফুল হক ডনসহ আরও কয়েকজন।

মামলার অভিযোগে সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করা হয়েছে। অভিযোগে তাঁর শরীরে দড়ির দাগ ও নীলচে দাগ থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

এদিকে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে সালমান শাহর মরদেহের দেহাবশেষ উত্তোলন ও পুনরায় ময়নাতদন্তের বিষয়েও আদালতে কার্যক্রম চলছে। এ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে। ফলে ডনের জামিন আবেদন নামঞ্জুর এবং রিমান্ড শুনানিকে ঘিরে মামলার তদন্ত কার্যক্রমে নতুন করে গুরুত্ব তৈরি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত