ফেনীতে ‘ভাগিনা’ তারেক রহমানকে বরণের প্রস্তুতি প্রায় দুই দশক পর পৈত্রিক ভিটা ও নানার বাড়ি ফেনীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২০০৬ সালের পর এটিই তাঁর প্রথম ফেনী সফর, যা ঘিরে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। “ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা”—এই স্লোগানকে ধারণ করা স্থানীয় মানুষ ও নেতা-কর্মীরা তাঁদের প্রিয় ‘ভাগিনা’কে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। ২৫ জানুয়ারি ফেনী পাইলট হাই স্কুল মাঠের সমাবেশকে কেন্দ্র করে শহর থেকে গ্রামে বইছে উদ্দীপনার জোয়ার। ফেনীবাসীর প্রত্যাশা, তারেক রহমান সরকার গঠন করলে এই অঞ্চলের দীর্ঘদিনের বন্যা সমস্যা নিরসন, মুসাপুর ক্লোজার নির্মাণ এবং মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি পূরণ করবেন। এমনকি আগামীতে এই আসন থেকে খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমানকেই নির্বাচনে দেখতে চান স্থানীয়রা।



















