সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ভারতজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী কর্মসূচি নির্ধারণে সোমবার (২৪ আগস্ট) দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর এনডিটিভির।
সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিত করার সময় নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে দেওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। এর মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য লিখিতভাবে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি অন্যতম।
দলটির ভাষ্য, এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করতেই জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে পরবর্তী আন্দোলনের ধরন ও কর্মসূচি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার দেওয়া এক বিবৃতিতে সিজেপি জানায়, সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হবে। এর অংশ হিসেবে দেশব্যাপী আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টি বিবেচনায় রয়েছে। এ জন্য শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি।
এর আগে সরকারের আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই প্রাথমিক আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। তবে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে দলটি। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় নতুন করে আন্দোলনের বিষয়টি সামনে এসেছে।
সিজেপি নেতাদের দাবি, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত একটি শুনানিও তাদের উদ্বেগ বাড়িয়েছে। তাদের ভাষ্য, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিষয়ে আদালত একাধিকবার কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছে।
দলটির দাবি, দেশজুড়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের একটি সমন্বিত তালিকা আদালতে জমা দিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিনবার নির্দেশ দিয়েছে। তাদের মতে, তালিকাটি পাওয়া গেলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদের আওতায় আদালতের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে মামলাগুলো একসঙ্গে বাতিলের সুযোগ তৈরি হতে পারে।
তবে এসব নির্দেশের পরও কেন্দ্রীয় সরকার ওই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ করেছে সিজেপি। দলটির আরও দাবি, তাদের প্রাথমিক আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও আন্দোলন-সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি এখনো পূরণ হয়নি।
সিজেপির ভাষ্য, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার বা বাতিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ‘সম্মানজনক ক্ষতিপূরণ’-এর লিখিত নিশ্চয়তার মতো বিষয়ে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। সরকারের প্রতিনিধিরাও এসব বিষয়ে তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেননি বলে দাবি করেছে দলটি।
আগের আন্দোলন স্থগিতের সিদ্ধান্তকে নিজেদের সদিচ্ছার প্রকাশ হিসেবে উল্লেখ করে সিজেপি সতর্ক করেছে, সেই সিদ্ধান্তকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। শান্তিপূর্ণ আন্দোলন বন্ধের আশ্বাস দিয়ে পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ নিয়ে সরকার প্রতিশ্রুতি থেকে সরে গেলে তা মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছে দলটি।


















