আর্মড পুলিশ ব্যাটালিয়নকে আরও জনবান্ধব ও যুগোপযোগী করতে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭৯ সালের ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ’-এর অধীনে গঠিত আর্মড পুলিশ ব্যাটালিয়নকে অধিক জনবান্ধব করার লক্ষ্যে বিদ্যমান অধ্যাদেশ যুগোপযোগী করে বাংলায় নতুন আইনটির খসড়া প্রণয়ন করা হয়েছে। জনমত যাচাইয়ের জন্য খসড়াটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রস্তাবিত আইনে বিদ্যমান অধ্যাদেশ রহিত করে এর অধীনে সম্পন্ন কার্যক্রমের হেফাজতের বিধান রাখা হয়েছে। পুলিশ বাহিনীর অধীনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।
নতুন আইনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের দায়িত্ব ও ক্ষমতার পরিধিও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা, সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার বিষয় রয়েছে।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন অনুসরণ করে ব্যাটালিয়নের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচারপ্রক্রিয়ার বিধানও রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।


















