উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বই দেখে উত্তর লেখার ঘটনায় দুই শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে অব্যাহতি এবং চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ঘটনার পর পরীক্ষার হলে নকলের সঙ্গে জড়িত চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে থাকা দুই শিক্ষককে পরীক্ষা-সংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে পরীক্ষার অনিয়মের ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক হামলা ও মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় হামলার শিকার বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ শুক্রবার (২৮ আগস্ট) গাংনী থানায় মামলা করেছেন। মামলায় রফিকুজ্জামান, মনিরুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার অনিয়মের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।


















