গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকার বাসিন্দা এবং একজন ময়মনসিংহ বিভাগের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৯২৯ জন। এর মধ্যে ২৬ হাজার ৮৯৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আগস্টে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বেড়েছে। চলতি মাসের প্রথম ২৩ দিনেই ১৩ হাজার ৬১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা জুলাইয়ের পুরো মাসের আক্রান্তের সংখ্যা ৯ হাজার ২০৬ জনের চেয়েও বেশি।
এ ছাড়া জুনে ২ হাজার ৯০৭ জন, মে মাসে ৭১৪, এপ্রিলে ৬৪০, মার্চে ৩৫৩, ফেব্রুয়ারিতে ৪০৯ এবং জানুয়ারিতে ১ হাজার ৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।


















