পর্তুগাল সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিম স্পেনের একটি অবকাশযাপন কেন্দ্রে মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী, তার কিশোর সন্তান এবং তার মা (শিশুর নানি) রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাত ১০টার দিকে কোস্টা দে লা লুজের আইসলা ক্রিস্টিনা শহরের এল রোকিও এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হামলাকারীরা রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই পরিবারের সদস্যদের লক্ষ্য করে আকস্মিক গুলি ছুড়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। গুলিতে একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্প্যানিশ পুলিশ বিষয়টিকে কোনো মাদকসংক্রান্ত বিরোধ বা পূর্বশত্রুতার জেরে চালানো ‘টার্গেটেড কিলিং’ বলে ধারণা করছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য উয়েলভার ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।


















