মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করা হয়।
এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তিনটি অভিযোগে হাসানুল হক ইনুকে পৃথকভাবে ১০ বছর করে কারাদণ্ড দেন। তবে তিনটি সাজা একসঙ্গে কার্যকরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ফলে সব মিলিয়ে তাঁকে ১০ বছর কারাগারে থাকতে হবে।
যে অভিযোগে দণ্ড
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়।
২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বর্তমানে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলাতেও হাসানুল হক ইনুর বিচার চলছে।
ইনুর সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ
ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আগেই আপিল করেছে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনে হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।
ফলে একই রায়কে কেন্দ্র করে একদিকে খালাস চেয়ে ইনুর আপিল, অন্যদিকে সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে রাষ্ট্রপক্ষের আপিল রয়েছে।


















