মানবপাচারকারীদের প্রলোভনে ইউরোপে যাওয়ার পথে লিবিয়ায় আটকা পড়া আরও ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা তাদের স্বাগত জানান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের প্রত্যাবাসনের সম্পূর্ণ ব্যয় বহন করে, পাশাপাশি পথখরচ, খাদ্য ও প্রাথমিক চিকিৎসা সহায়তাও দেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিবিয়ায় আটক ও নির্যাতনের শিকার এসব নাগরিককে ফেরাতে সহযোগিতা করেছে লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং দেশটির সরকার।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেরত আসা নাগরিকদের তাদের বাস্তব অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে উৎসাহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি লিবিয়ার ডিটেনশন সেন্টারে থাকা অন্য বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনেও সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো একযোগে কাজ করছে বলে জানানো হয়েছে।



















