অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৯ উইকেটের ব্যবধানে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৬ আগস্ট) ডারউইনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে এই স্মরণীয় জয় অর্জন করে টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম টেস্টেই এমন আধিপত্যপূর্ণ জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
বাংলাদেশ দল ঐতিহাসিক এ জয় নিশ্চিত করার সময় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সফরের পথে ছিলেন। ম্যাচ শেষ হওয়ার পরপরই তিনি ভিডিও কলে ক্রিকেট দলের অধিনায়ক ও খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সমগ্র দেশবাসীর পক্ষে টাইগারদের এই অবিস্মরণীয় অর্জনের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


















