দেশের আনাচে-কানাচে পড়ে থাকা অব্যবহৃত খাল-বিল ও জলাশয়গুলো সংস্কার করে স্থানীয় তরুণদের মাঝে মাছ চাষের জন্য বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান ও নতুন শিল্প উদ্যোক্তা তৈরিতে সরকারের গঠিত ৫০০ কোটি টাকার ‘স্টার্ট-আপ ফান্ড’ থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অ-ফেরতযোগ্য অনুদান প্রদান করা হবে বলে জানান তিনি। রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং জাতীয় মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মৎস্য খাতের অগ্রগতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের ৫২টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে ৬ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। পাশাপাশি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্যমতে, বাংলাদেশ বর্তমানে জলজ প্রাণী উৎপাদনে বিশ্বে পঞ্চম এবং অভ্যন্তরীণ জলাশয় থেকে মাছ আহরণে দ্বিতীয় স্থানে রয়েছে। সরকার খুলনায় ৩০০টি ক্লাস্টার গঠনের মাধ্যমে চিংড়ির উৎপাদন দ্বিগুণ করা এবং চকরিয়ায় ৭ হাজার একর জমিতে ‘শ্রিম্প সিটি মাস্টার প্ল্যান’ বাস্তবায়নসহ নানামুখী পদক্ষেপ নিয়েছে।
এছাড়া প্রায় ২ কোটি মানুষের জীবিকার সঙ্গে যুক্ত এই খাতের জেলেদের জীবনমান উন্নয়নে তাদের কৃষক কার্ড প্রদান, নিবন্ধন কার্যক্রম জোরদার এবং সুন্দরবন ও হাওর অঞ্চলে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে ভিজিএফ সুবিধা সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়। জলাশয় দূষণ রোধে প্লাস্টিক বর্জ্য ও প্লাস্টিক বোতল ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ‘রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।


















