চীনের দালিয়ানে অনুষ্ঠিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম) সম্মেলন সফলভাবে সমাপ্ত করে এবার রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় আজ বুধবার (২৪ জুন) বেলা ১টা ৩০ মিনিটে তিনি বেইজিংয়ের পথে রওয়ানা হন। তাঁর এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
গ্রীষ্মকালীন দাভোস ২০২৬ সম্মেলনে অংশগ্রহণ
বেইজিং যাত্রার আগে আজ বুধবার সকাল ১০:০০ টায় চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) আয়োজিত ১৭তম ‘অ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নস’ বা গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনের মূল পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আন্তর্জাতিক উচ্চপর্যায়ের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাষ্ট্রনেতারা যোগ দেন। চারদিনব্যাপী এই বিশ্বমঞ্চে এবার বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১৭০০ জনেরও বেশি শীর্ষ প্রতিনিধি ও নীতিনির্ধারক অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশের অর্থনীতি ও সক্ষমতা বৃদ্ধির নতুন দুয়ার
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন বৈশ্বিক ফোরামে জোরালো বক্তব্য উপস্থাপন বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে একদিকে যেমন দেশে নতুন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা ও বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ সহজ হবে, অন্যদিকে বিভিন্ন উন্নত দেশের ‘বেস্ট প্র্যাকটিস’ বা আধুনিক প্রযুক্তিগত অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করা সম্ভব হবে। বেইজিংয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা, বাণিজ্য ও কৌশলগত অংশীদারত্বমূলক শীর্ষ বৈঠকে মিলিত হবেন।



















