ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে মাঝআকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। এতে হেলিকপ্টার দুটিতে থাকা ক্রু ও আরোহীসহ মোট ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকালে শহরের পশ্চিমাঞ্চলীয় উপশহর রেক্রিও দোস বান্দেইরান্তেসের আকাশে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
ইভি শোরুমের পার্কিং লটে পতন ও ভয়াবহ অগ্নিকাণ্ড
স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানানো হয়েছে, মাঝআকাশে সংঘর্ষের পরপরই হেলিকপ্টার দুটি একটি বৈদ্যুতিক গাড়ি বিক্রির শোরুমের (ইভি ডিলারশিপ) পার্কিং লটে ভেঙে পড়ে। এর ফলে সেখানে থাকা প্রায় ২০টি বৈদ্যুতিক গাড়িতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের মুখপাত্র ফাবিও কনট্রেইরাস জানান, বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে আগুন নেভাতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হয়েছে। এই ধরনের ব্যাটারিতে আগুন লাগলে তা অত্যন্ত বিষাক্ত গ্যাস নির্গত করে এবং আগুনের তীব্রতা ও তাপমাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। ফলে একটি সাধারণ গাড়ির তুলনায় এই বৈদ্যুতিক গাড়িগুলোর আগুন নেভাতে তিন থেকে চার গুণ বেশি পানির প্রয়োজন হয়।
উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতির বিবরণ
দুর্ঘটনাকবলিত এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ ছিল। ফায়ার সার্ভিস জানিয়েছে, হেলিকপ্টার দুটি শোরুমের ফাঁকা পার্কিং লটে আছড়ে না পড়ে যদি মূল আবাসিক এলাকায় পড়ত, তবে প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতে পারত।
উদ্ধারকারীরা পার্কিং লটের জ্বলন্ত বৈদ্যুতিক গাড়িগুলোর ভেতর থেকে একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করে, যার ভেতর পাঁচজন আরোহীর মরদেহ পাওয়া যায়। এর থেকে প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) দূরে দ্বিতীয় হেলিকপ্টারটি পাওয়া যায়, যেখানে শুধু পাইলটের মরদেহটি উদ্ধার করা হয়।
ব্রাজিলে বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার পরিসংখ্যান
ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনা নতুন কিছু নয়। দেশটির অ্যারোনটিক্যাল অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টারের (সিইএনআইপিএ) পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালের শুরু থেকে রোববারের এই ভয়াবহ দুর্ঘটনার আগ পর্যন্ত দেশটিতে অন্তত ৮৪টি বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে।
সূত্র : আলজাজিরা



















