খন্দকার আবদুল মুক্তাদির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটান-এর রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়-এ অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর ও জলবিদ্যুৎ খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন ডলার হলেও পারস্পরিক বাণিজ্য মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা সম্ভাবনার তুলনায় অত্যন্ত কম। এ অবস্থায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা জরুরি।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় স্বল্প দূরত্বে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন উভয় দেশের জন্যই লাভজনক হতে পারে।
অন্যদিকে রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি বলেন, বাংলাদেশের সঙ্গে ভুটানের বাণিজ্যিক সম্পর্ক ইতোমধ্যেই ঘনিষ্ঠ এবং এটি আরও সম্প্রসারণে তারা আগ্রহী। তিনি উল্লেখ করেন, বুড়িমারি সীমান্ত থেকে ভুটানের দূরত্ব কম হওয়ায় বাণিজ্য ও বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।
এছাড়া বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ভুটানের শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টি দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করছে বলেও জানান তিনি।
বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


















