দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে, পাশাপাশি হাম উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১,৪২১ জন। আর ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২,০২৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৪,৬০৩ জন, যার মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৪৩ জন।
এছাড়া চলতি সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১,৪৩৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭,৯৫৫ জন।
মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ১ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪৩ জন এবং উপসর্গ নিয়ে ২১৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং সচেতনতা বৃদ্ধি জরুরি।


















