বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্বাধীনতা পদক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৬ ১২:০৮ অপরাহ্ণ

Spread the love

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী মনোনীতদের হাতে এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা তুলে দেন। এ বছর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে অসামান্য অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে মরণোত্তর এই পদকে ভূষিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর হাত থেকে ‘দাদু’র এই সম্মাননা গ্রহণ করেন তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ এ বছর মোট সাতজন বিশিষ্ট ব্যক্তিকে মরণোত্তর সম্মাননা জানানো হয়েছে। তাঁদের পক্ষে পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিলের পক্ষে তাঁর কন্যা ব্যারিস্টার সারা জলিল এবং সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকীর পক্ষে তাঁর মেয়ে তাসনিম আরিফা সিদ্দিকী পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে ছেলে বারীশ হাসান চৌধুরী ও মাহেরীন চৌধুরীর পক্ষে স্বামী মনসুর হেলাল, সংস্কৃতিতে বশির আহমেদের পক্ষে কন্যা হুমায়ারা বশির এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমানের পক্ষে তাঁর কন্যা তাবাসুম শাহনাজ এই সম্মাননা গ্রহণ করেন।

ব্যক্তি পর্যায়ে যাঁরা সরাসরি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন সংস্কৃতিতে জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত, ক্রীড়ায় টেবিল টেনিস কিংবদন্তি জোবেরা রহমান লিনু এবং পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবু। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম (ছেলের মাধ্যমে), সমাজসেবায় সাইদুল হক এবং গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক সুকোমল বড়ুয়া নিজ নিজ পদক গ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক পর্যায়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পিকেএসএফ, এসওএস শিশু পল্লী ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধানগণ প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির পরিচালনায় এই অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি এবং তিন বাহিনীর প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান এবং খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম। ১৯৭৭ সাল থেকে চালু হওয়া এই পুরস্কারের আওতায় প্রত্যেককে আঠারো ক্যারেটের ৫০ গ্রামের একটি স্বর্ণপদক, তিন লাখ টাকা ও সম্মাননাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে এই গুণীজন ও প্রতিষ্ঠানের অসামান্য ত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত