শুক্রবার ভোরে (১৩ মার্চ ২০২৬) ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, উত্তরাঞ্চলীয় জারজির শহরের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে বেশ কিছু ভবন ও যানবাহন বিধ্বস্ত হয়।
ইসরায়েলি উদ্ধারকারী দল জানিয়েছে, হামলার ফলে বেশ কিছু বাড়িঘরে অগ্নিকাণ্ড ঘটে, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী এবং ৩৪ বছর বয়সী এক নারী রয়েছেন, যাঁদের শরীরে স্প্লিন্টার ও কাঁচের আঘাত লেগেছে। ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করার পরপরই সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করেছিল।
একই সময়ে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহও ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি নিশ্চিত করেছে। গত কয়েক দিন ধরে ইরান ও হিজবুল্লাহর এই দফায় দফায় হামলার ফলে ওই অঞ্চলে উত্তেজনা এখন চরমে।
সূত্র: সিএনএন



















