ভারতের জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ১০ জন সদস্য প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) ডোডা জেলার ভাদেরওয়াহ–চাম্বা আন্তঃরাজ্য সড়কের খন্নি টপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাবাহিনীর একটি বুলেটপ্রুফ ‘ক্যাসপির’ গাড়ি একটি অভিযানের উদ্দেশ্যে যাওয়ার সময় অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ১০ জন সেনাসদস্য নিহত হওয়ার পাশাপাশি আরও ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয় এবং আহতদের বিমানযোগে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, খারাপ আবহাওয়া ও দুর্গম ভূখণ্ডের কারণে গাড়িটি পিছলে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহত ও আহত সেনাসদস্যদের পরিচয় শনাক্ত করার কাজ করছে।
এমজে



















