বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, একটি বিশেষ দল অত্যন্ত কৌশলে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সুফল এককভাবে নিজেদের ঘরে নেওয়ার চেষ্টা করছে, যা এ দেশের মানুষ কোনোভাবেই হতে দেবে না। আজ শনিবার (১৭ জানুয়ারি, ২০২৬) দুপুরে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান এবং এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। ডা. জাহিদ জোর দিয়ে বলেন যে, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী তথা সরকার পতনের আন্দোলন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকায় সফল হয়েছে এবং এই বিজয়ের অংশীদার এ দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলো।
বক্তব্যের অন্য এক পর্যায়ে ডা. জাহিদ হোসেন উল্লেখ করেন, ৩৬ জুলাই বা ৫ আগস্ট স্বৈরাচারের পলায়নের মাধ্যমে অর্জিত এই বিজয় সবার কাছে স্বীকৃত একটি গণঅভ্যুত্থান। তিনি বলেন, ছাত্ররা এই আন্দোলনের সূচনা করলেও পরবর্তীতে জনতার অংশগ্রহণে তা পূর্ণতা পায়, তাই কোনো একক পক্ষ এর কৃতিত্ব দাবি করতে পারে না। একই সাথে তিনি বিগত স্বৈরাচারী শাসনামলের সকল গুম, খুন ও হত্যার বিচার বাংলাদেশের মাটিতে করার দাবি জানান এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















