বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ দিন পর্যন্ত তা বহন করেছেন। তিনি ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক।
বুধবার জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়া পরিষদের আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, খালেদা জিয়া আধিপত্যবাদ ও স্বৈরশাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তিনি জীবনের অল্প সময় রাষ্ট্রক্ষমতায় ছিলেন, বাকি সময় কাটিয়েছেন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে। স্বৈরাচারের সঙ্গে কখনো আপস করেননি তিনি। যখন অনেকে এরশাদের সঙ্গে আপস করে সুবিধা নিয়েছেন, তখন খালেদা জিয়া রাজপথে থেকে জনগণকে সাহস যুগিয়েছেন।
তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন, কৃষকের অধিকার এবং সাধারণ মানুষের জন্য সুযোগ সৃষ্টিতে খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার জানাজায় কোটি মানুষের উপস্থিতি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি তার প্রতি জনগণের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।
বাংলাদেশের উন্নয়নের সুফল যেন প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে—এমন প্রত্যাশা ব্যক্ত করে আমীর খসরু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাষ্ট্রগঠনের রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনৈতিক গণতন্ত্রও প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সহযোগিতা ও অংশীদারিত্ব জরুরি। তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে—এটাই বিএনপির লক্ষ্য।



















