সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপাড়ে শহীদ এম. মনসুর আলী স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৬ ঘণ্টা ৪৫ মিনিট পর পুনরায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ সচল হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টা ৫৫ মিনিটে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর পাবনার পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শেষ করলে সন্ধ্যা পৌনে ৬টার পর থেকে পর্যায়ক্রমে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
রেলওয়ে সূত্রে জানা যায়, সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটির একটি বগির দুটি চাকা সংযোগস্থল থেকে আলাদা হয়ে গেলে বগিটি ঝাঁকুনি দিয়ে থেমে যায়। চালক জামতৈল স্টেশন থেকেই ত্রুটিসহ ট্রেনটি চালিয়ে আসছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনার পরপরই যমুনা সেতুর দুই পাড়ে নীলসাগর, রংপুর, একতা, বুড়িমারী ও চিলাহাটি এক্সপ্রেসসহ অন্তত ১০টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে টানা বৃষ্টি ও দীর্ঘ বিলম্বে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী; অনেকেই বাধ্য হয়ে টিকিট ফেরত দিয়ে রিফান্ড গ্রহণ করেন।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, প্রাথমিক ধারণায় যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার আসল কারণ উদঘাটন করতে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


















