সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে কেন্দ্র করে রাজধানীতে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে মোট ৫০ প্লাটুন, অর্থাৎ প্রায় এক হাজার ৫শ সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জানাজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অপারেশন পরিদপ্তরের তত্ত্বাবধানে পূর্বপরিকল্পিত ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে ৫০ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা ব্যবস্থার আওতায় ৩শ আনসার ব্যাটালিয়ন সদস্য, এক হাজার অঙ্গীভূত আনসার এবং ২শ নগর প্রতিরক্ষা দল (টিডিপি) সদস্য মোতায়েন করা হয়েছে। তারা জানাজাস্থল, আশপাশের সড়ক, প্রবেশ ও বহির্গমন পথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেন।
আনসার ও টিডিপি সদস্যরা ভিড় নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা, যানবাহন ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা রাখছেন, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার একদিনের সরকারি ছুটির ঘোষণাও দেওয়া হয়েছে।


















