২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিহিংসা থেকে করা গণমামলা ও হয়রানিমূলক মামলাগুলো শনাক্ত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ৫ আগস্টের পর অনেক সুবিধাবাদী শ্রেণি শত শত, এমনকি হাজার হাজার মানুষকে আসামি করে মামলা করেছে, যা কেবল হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। সরকার এসব মামলা যাচাই-বাছাই করে প্রকৃত অপরাধী ও হয়রানিমূলকভাবে নাম ঢোকানো ব্যক্তিদের আলাদা করবে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং অহেতুক মামলাবাজি বন্ধ করতে সরকার বদ্ধপরিকর বলে তিনি স্পষ্ট জানান।
মামলা প্রত্যাহারের বিষয়ে মন্ত্রী জানান, ইতিমধ্যে রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলাগুলো যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়ায় হত্যা, মাদক এবং নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধের মামলাগুলো আওতামুক্ত থাকবে। নিজের ব্যক্তিগত উদাহরণ টেনে তিনি বলেন, তাঁর বিরুদ্ধেও রাজনৈতিক কারণে অতীতে অসংখ্য হত্যা, অস্ত্র ও বিস্ফোরক মামলা দেওয়া হয়েছিল। সরকার এখন চেষ্টা করছে যাতে রাজনৈতিক মামলার আড়ালে কোনো অপরাধী পার না পায়, আবার কোনো নির্দোষ ব্যক্তি যাতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও নিশ্চিত করেন যে, মামলা প্রত্যাহারের এই বিশেষ উদ্যোগটি যাতে অপব্যবহার না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে। একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ যাচাই-বাছাই শেষে কেবল হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলোই আইনি প্রক্রিয়ায় নিস্পত্তি বা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হবে। এটি প্রশাসনে স্থিতিশীলতা আনতে এবং সাধারণ মানুষের আতঙ্ক দূর করতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।



















