শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিদেশগামীদের অ্যাপোস্টিল সনদ নিয়ে প্রতারণা, সতর্কবার্তা জারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ

Spread the love

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মাইগভ (https://www.mygov.bd) প্ল্যাটফর্ম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপোস্টিল সনদ প্রদান করা হচ্ছে। এই সেবার মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই প্রয়োজনীয় পাবলিক ডকুমেন্ট ও বিভিন্ন সনদ অনলাইনে সত্যায়ন করতে পারছেন।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চালু হওয়া এই সেবার ফলে সময়, অর্থ ও শ্রমের ব্যাপক সাশ্রয় হচ্ছে। গত ১১ মাসে প্রায় ১৭ লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি অসাধু চক্র ‘অ্যাপোস্টিল সনদ’ জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে। তারা সরকার ব্যবহৃত ডোমেইনের অনুরূপ একাধিক জাল ডোমেইন ব্যবহার করে সেবাটির বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে। এরই মধ্যে দুটি জাল সার্টিফিকেট সংবলিত ওয়েবসাইট শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব জাল ডোমেইন বন্ধ ও জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গত আগস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের কাছে চিঠি পাঠানো হয়। এর ফলে কয়েকটি ভুয়া ডোমেইন ইতোমধ্যে বন্ধ করা হয়েছে এবং অন্যগুলো শনাক্ত ও বন্ধের কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এ ধরনের প্রতারণামূলক তৎপরতা বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত পাবলিক ডকুমেন্টের গ্রহণযোগ্যতা এবং নাগরিকদের নিরাপদ ও আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

এ কারণে মাইগভের নির্ধারিত ওয়েবসাইট (https://www.mygov.bd) ছাড়া অন্য কোনো সন্দেহজনক লিংক বা ওয়েবসাইটে প্রবেশ না করা এবং ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য নাগরিকদের প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত