তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৪ আসনে দলীয় প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শনিবার বিকেলে মুরাদনগরের পীর কাশিমপুর রাইছাতুন নেছা উচ্চবিদ্যালয় মাঠে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
কায়কোবাদ বলেন, তারেক রহমান সহি-সালামতে দেশে ফিরবেন—এটাই তাদের আশা। খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, তার স্বামীকে হত্যা করা হয়েছে, সন্তানকে হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে, আর তাকে মিথ্যা মামলায় কারাবন্দি রাখা হয়েছিল। আল্লাহর রহমতেই তিনি মুক্ত হয়েছেন, তার বিকল্প নেই।
জামায়াতের প্রার্থীকে উদ্দেশ করে কায়কোবাদ বলেন, কোরআনের শাসন কায়েম করার আগে তা নিজের জীবনে প্রয়োগ করতে হয়। তিনি দাবি করেন, ওই প্রার্থী ভাইস চেয়ারম্যান থাকাকালে মুরাদনগরের জন্য কোনো কাজই করেননি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।



















