বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলটি আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে। ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি খাল খনন কর্মসূচিও পুনরায় শুরু করা হবে।
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজন হলে পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট চক্র আবারও পুনর্বাসনের সুযোগ পাবে। এ জন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন জনগণকে রাষ্ট্র ও রাজনীতিতে শক্তিশালী করার প্রধান মাধ্যম। কিন্তু নানা শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে বাধা তৈরি হলে গণতন্ত্র সংকটে পড়বে।
তারেক রহমানের দাবি, ফ্যাসিবাদকে ঠেকাতে কোনো সংবিধান বা লিখিত বিধিবিধানই যথেষ্ট নয়; এ জন্য জনগণকেই রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হবে। তিনি মনে করেন, শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকা জরুরি।



















