সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের চেয়ে ১৬৭ ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
নির্বাচন কমিশনের ভোটার তালিকায় মোট ৩৪৯ জন সংসদ সদস্যের নাম ছিল। এর মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। বিভিন্ন কারণে ছয়জন সংসদ সদস্য ভোট দিতে পারেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন।
আজ বঙ্গভবনে শপথ
নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন। জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, শপথগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইসির প্রজ্ঞাপন জারি
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুযায়ী নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুসারে তাঁকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে তাঁর পিতার নাম মির্জা রুহুল আমিন এবং স্থায়ী ঠিকানা হিসেবে ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভার কালীবাড়ী এলাকার তথ্য উল্লেখ করা হয়েছে।
সংসদে অনুষ্ঠিত এই ভোটের ফল প্রকাশ ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ বঙ্গভবনে শপথের পর তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন


















